
ক্রাইম রিপোর্টার : রাজিব খাঁন
রাজশাহী, ১২ জুলাই: জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ ও জুলাই শহিদ দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নাঈম হাছান, সিভিল সার্জন ডা. এস. আই. এম. রাজিউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তাফা মামুন, সুশীল সমাজের প্রতিনিধি মাহাবুব সিদ্দিক, জুলাই যোদ্ধা, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা।
সভায় জেলা প্রশাসক বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক চেতনা ও আত্মত্যাগের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দিবস দুটি সফলভাবে উদযাপনে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন তিনি।
পুলিশ সুপার জানান, কর্মসূচিগুলোতে জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে। সিভিল সার্জন বলেন, বিভিন্ন কর্মসূচিতে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা ও মেডিকেল টিম প্রস্তুত থাকবে।
সভায় দিবস দুটি উপলক্ষে নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা, জনসচেতনতা ও সার্বিক আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শেষে যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক জনসম্পৃক্ততার মাধ্যমে দিবস দুটি উদযাপনে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।