
নিজস্ব প্রতিবেদক।
ভয়ানক মাদক ইয়াবার ভ্রাম্যমাণ ব্যবসা কেন্দ্র হয়ে উঠেছে বুড়িচং পৌরসভার অন্তর্গত ৪নং ওয়ার্ড পূর্ণমতি এলাকা।ফেরি ওয়ালার মতো এখানে প্রকাশ্যে ফেরি করে বেচাকেনা হচ্ছে ইয়াবা ও গাঁজা সহ অন্যান্য মাদক। এ ছাড়াও রয়েছে হোম ডেলিভারি সিস্টেম। মাদক ব্যবসা প্রতিরোধে প্রশাসনের তেমন কোনো পদক্ষেপ নেই।অনুসন্ধানে জানা গেছে, রাস্তার মোড়ে, টং দোকানে, হাটবাজারে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে ইয়াবা। তার ওপর যোগ হয়েছে নতুন ফর্মুলা অর্থাৎ হোম ডেলিভারি সার্ভিস। চাইলে ঘরেই সরবরাহ করা হয় ইয়াবা। শুধু মোবাইলে অর্ডার দিলেই কয়েক মিনিটের মধ্যে সহযোগীরা হাজির হয়ে যাবে অর্ডার সাপ্লাই দিতে। এ ছাড়াও ইজিবাইকে রয়েছে ভ্রাম্যমাণ বিক্রেতার দল। তারা ঘুরে ঘুরে ইয়াবা বিক্রি করে।সবচেয়ে উদ্বেগের বিষয় এখানে প্রায় প্রতিটি ঘরেই ইয়াবাসেবী রয়েছে। শুধু উঠতি বয়সী তরুণরা নয়, গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার যুবক, বয়স্ক পুরুষরাও যারা আগে বিড়ি, সিগারেট, তামাক বা হুঁকায় অভ্যস্ত ছিলেন এখন তারাও ইয়াবায় আসক্ত হয়ে পড়েছেন।
প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ইয়াবার খুচরা চালান বিভিন্ন সহযোগীর মাধ্যমে পৌঁছে যাচ্ছে মাদকসেবিদের হাতে। কাজেই উঠতি বয়সের সন্তানদের মাদকের হাত থেকে বাঁচাতে বেশির ভাগ অভিভাবক এখন অল্প বয়সেই লেখাপড়া বাদ দিয়ে সন্তানকে বিদেশে পাঠিয়ে দিচ্ছেন।কোনো মতে এসএসসি পাস করলেই ছেলেকে বিদেশ পাঠাতে মরিয়া অভিভাবকেরা। ফলে এ অঞ্চলে দিন দিন শিক্ষার হার কমে যাচ্ছে।জানা গেছে, বুড়িচং পৌরসভার অন্যতম ধনাঢ্য অঞ্চল পূর্ণমতি।এলাকার ৪০শতাংশ পুরুষ বিদেশে থাকেন। শুধু উঠতি তরুণ ও বৃদ্ধরাই এলাকায় থাকেন। প্রবাসীরা যে টাকা পাঠান তার একটি বড় অংশই চলে যায় এসব বেকার তরুণ ও বৃদ্ধের আরাম আয়েশ ও মাদক সেবনে। পকেটে টাকা থাকায় সহজেই এদের হাতে চলে যাচ্ছে মাদক।
অনুসন্ধানে জানা গেছে, পূর্ণমতি গ্রামে মাদকের বেচাকেনা হয় বিভিন্ন কৌশলে।এর মধ্যে মসজিদ গেট, নোয়াপাড়া, মধ্যপাড়া,
এলাকা মাদকের স্পট হট।এসব জায়গার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে মাদক সম্রাট নাঈম,মাদক সম্রাট হারেজ।তাদের প্রত্যেকের নামেই রয়েছে একাধিক মামলা। প্রশাসনের হাতে ইয়াবা সহ কয়েকবার গ্রেপ্তার হলেও জেলে খেটে বের হয়ে আবার ও শুরু করে মাদক ব্যবসা। তাদের প্রত্যেকের রয়েছে এাকধিক সহযোগী। এই সহযোগীর মাধ্যমে তারা তাদের মাদক কারবার
নিয়ন্ত্রণ করে থাকেন এবং সহযোগীর মাধ্যমে মাদকের হোম ডেলিভারি পৌঁছে দেন মাদকসেবিদের আস্তানায়। মাদক সম্রাট নাঈমের রয়েছে একাধিক সহযোগী। তাদের মধ্যে হাবিব, রাসু, প্রতিদিন বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন জায়গায় ইয়াবা,গাঁজা পৌঁছে দেয়৷ অন্যদিকে মাদক কারবারি হারেজের সহযোগী গাড় বাকা মাইনুদ্দিন চায়ের দোকানের আড়ালে মাদকের খুচরা বিক্রেতা।আরেক সহযোগী পিচ্চি দেলোয়ার নির্মান শ্রমিক।আরেক কুখ্যাত ব্যবসায়ী মধ্যপাড়ার জালাল এবং তার সহযোগী বাপ্পি, সালাম।অভিযোগ রয়েছে গত কয়েকদিন আগে জালাল ও তার সহযোগীরা মধ্যবাজারে নির্মাণাধীন মসজিদের উপরে ইয়াবা সেবনরত অবস্থায় এলাকাবাসী হাতে নাতে ধরে উত্তম মধ্যম দেয়।পরবর্তী তে পুলিশ এসে সতর্ক করে পরিবারের হাতে হস্তান্তর করে।
পূর্ণমতি বাজারের এক ব্যবসায়ী অভিযোগের সুরে জানান, মাদকের ভয়াবহতায় ছেলেমেয়ে নিয়ে দুশ্চিন্তায় আছি। আরেক ব্যবসায়ী জানান, এই ওয়ার্ডে মাদকে ছড়াছড়ি হলেও প্রশাসন এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন এত হিমশিম খাচ্ছে বুঝে উঠতে পারছি না। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, মাদকের সাথে কোনো আপস নয়, মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। যেহতু অভিযোগ এসেছে প্রয়োজনে অভিযান আরো জোরদার করা হবে।