
মোঃ সোহরাব হোসেন মুন্সী, নিজস্ব প্রতিনিধি:
খুলনার বটিয়াঘাটা উপজেলায় একটি পরিত্যক্ত ঘর থেকে সজিব হাওলাদার রাজন (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) বিকেল প্রায় ৫টার দিকে উপজেলার তেঁতুলতলা-আশিক সড়কের মাঝামাঝি এলাকার একটি বিলের মধ্যে অবস্থিত পরিত্যক্ত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে দুই নারী তাদের হাঁস ও ছাগল নিতে গিয়ে ঘরটির দরজা খোলা দেখতে পান। ঘরের ভেতরে তাকিয়ে তারা একটি মরদেহের পা দেখতে পান। পরে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে আশপাশের লোকজনকে খবর দেন। স্থানীয়রা ঘটনাটি বটিয়াঘাটা থানায় জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পাশাপাশি পিবিআই ও সিআইডির সদস্যদেরও অবহিত করা হয়।
পুলিশ ও সাংবাদিকদের মাধ্যমে মরদেহের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে স্বজনরা সেটি দেখে শনাক্ত করেন। পরে ঘটনাস্থলে এসে প্রশাসনের উপস্থিতিতে নিহতের স্ত্রী রুপা ও মা মরদেহটি সজিব হাওলাদার রাজনের বলে নিশ্চিত করেন।
পারিবারিক সূত্র জানায়, গত ২১ জুলাই সজিব গোবরচাকা এলাকা থেকে তার ইজিবাইক নিয়ে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরদিন ২২ জুলাই দুপুর ২টা ৫০ মিনিটে সোনাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
নিহতের পরিবার জানায়, তারা বর্তমানে গোবরচাকা শাহবাড়ী এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। সজিবের গ্রামের বাড়ি বরিশাল জেলায়। তার ১৩ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। জীবিকার তাগিদে তিনি ভাড়ায় চালিত একটি অটোরিকশা চালাতেন। তার ব্যবহৃত অটোরিকশাটি পরে হরিণটানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় তবে আটোতে ৪ টি ব্যাটারী পাওয়া যায় নিা।বটিয়াঘাটা অফিসার ইনচার্জ মারুফ হোসেন জানান, মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।লাসটির নাক,চোখ মাথা সহ বিভিন্ন জায়গায় আঘাতের চিন্হ পাওয়া গেছে। হত্যার কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।