
ফরিদপুর, প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের হাওলাদার কান্দি এলাকায় এলাকাবাসীর উদ্যোগে দুই কথিত ইয়াবাসেবীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) চেয়ারম্যান পদপ্রার্থী হাওলাদার তালাশ পারভেজ রবির সহযোগিতায় স্থানীয়রা তাদের আটক করেন।পরে আটক দুই ব্যক্তিকে চন্দ্রপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে আটক ব্যক্তিদের স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী প্রত্যেককে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে জব্দ করা ইয়াবাগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সম্মিলিত প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরেছে। তারা মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানান।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।