
আলতাব হোসেন, স্টাফ রিপোর্টার
সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ৪০ কেজি ৭ গ্রাম গাঁজাসহ মর্জিনা (২৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে আশুলিয়ার আউকপাড়া পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৪ সিপিসি-২ (নবীনগর ক্যাম্প) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মর্জিনাকে আটক করে তার হেফাজত থেকে ৪০ কেজি ৭ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নারী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৪ সিপিসি-২ নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আরমান হোসেন রিদয় ও সহকারী কোম্পানি কমান্ডার মো. হালিম উদ্দিন (জামান)। পরে গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।