
রাইসুল ইসলাম রিফাত, নকলা প্রতিনিধি:
শেরপুরের নকলায় ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে আইসক্রিম তৈরি ও সংরক্ষণের দায়ে একটি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে কারখানায় তৈরি আইসক্রিমগুলো বিনষ্ট করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) উপজেলার গণপদ্দী ইউনিয়নের চিথলিয়া বাজার এলাকায় সততা আইসক্রিম নামীয় একটি কারখানায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কারখানাটিতে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে আইসক্রিম তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কারখানায় তৈরি আইসক্রিম বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নকলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি।
অভিযানকালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শেরপুরের সহকারী পরিচালক এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।