
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘর থেকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হেলাল মৃধা (১৮) ও রহিজ শিকদার (১৭) নামের দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
গতকাল রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের পবনখার ডাঙ্গী গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরী ওই গ্রামের শামিম শেখের কন্যা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে হেলাল মৃধা ও রহিজ শিকদারের নেতৃত্বে ৮-১০ জনের একটি সশস্ত্র দল শামিম শেখের বাড়িতে অনধিকার প্রবেশ করে। তারা বসত ঘরের জানালা ভেঙে ভেতরে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে কিশোরীকে জিম্মি করে। পরে তাকে জোরপূর্বক বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে।
ধর্ষণের পর কিশোরী অচেতন হয়ে পড়লে অভিযুক্তরা তাকে প্রধান সড়কের পাশে ফেলে রেখে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ধাওয়া করে হেলাল ও রহিজকে আটক করে। পরে থানা পুলিশকে খবর দিয়ে তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে সদরপুর থানার সেকেন্ড অফিসার মোকলেছুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দুজনকে হেফাজতে নিয়েছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ভুক্তভোগী কিশোরীর চিকিৎসার ও আইনি প্রক্রিয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।