
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি,
সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দৈলেরবাগ গ্রামে হাওয়ায় ফুলানো নৌকা উল্টে পুকুরে ডুবে আয়ান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রওজা (১০) নামে আরেক শিশু অসুস্থ হলেও তাকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার দৈলেরবাগ গ্রামের চিরার মিলের পেছনের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়ান (৫) পিতা জামাল (৩৮) মাতা ফাহিমা দম্পতির ছেলে। তাদের গ্রামের বাড়ি টিপুরদী। অপরদিকে রওজা (১০) রুবেলের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই শিশু নানির বাড়িতে বেড়াতে এসে চিরার মিলের পেছনের পুকুরে হাওয়ায় ফুলানো একটি নৌকায় ওঠে। একপর্যায়ে নৌকাটি উল্টে গেলে উভয় শিশু পানিতে ডুবে যায়। পরে আশপাশের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক আয়ানকে মৃত ঘোষণা করেন। রওজা চিকিৎসা নিয়ে বেঁচে ফিরেছে।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।