
আলতাব হোসেন আশুলিয়া প্রতিনিধিঃ
ঢাকার আশুলিয়ার কাঠগড়া উত্তরপাড়া এলাকায় ‘কাউ বয় ফুডস কোম্পানি লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানে প্রয়োজনীয় অনুমোদন ও কাগজপত্র ছাড়াই শিশু খাদ্য উৎপাদন এবং অস্বাস্থ্যকর পরিবেশে কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিতে শিশু শ্রমিক দিয়ে কাজ করানোরও অভিযোগ করেছেন স্থানীয়রা।
অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ ও কারখানার পরিবেশ সরেজমিনে দেখতে গেলে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। এ সময় প্রতিষ্ঠানের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আরিফুল ইসলাম সোহাগ সাংবাদিকদের জানান, আশুলিয়া প্রেসক্লাবের সদস্য সচিব পরিচয় দেওয়া সোহেল রানার সঙ্গে যোগাযোগের পর কারখানায় প্রবেশের সুযোগ দেওয়া হবে।
সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় আরিফুল ইসলাম সোহাগ বলেন, এর আগে সোহেল রানা ওই প্রতিষ্ঠানে এসেছিলেন। তার সঙ্গে যোগাযোগ করার পরই কারখানায় প্রবেশের সুযোগ পাওয়া যাবে।
এ ঘটনায় প্রশ্ন উঠেছে, একটি বেসরকারি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে সাংবাদিকদের তথ্য সংগ্রহ ও সরেজমিনে পরিদর্শনের বিষয়টি কেন অন্য একজন ব্যক্তির অনুমতির ওপর নির্ভর করবে।
তবে সোহেল রানা নিজেকে আশুলিয়া প্রেসক্লাবের সদস্য সচিব হিসেবে পরিচয় দেন বলে অভিযোগ থাকলেও পরে এ বিষয়ে খোঁজ নিয়ে তার সদস্যপদের বিষয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। স্থানীয় কয়েকজনের দাবি, সোহেল রানা প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে বলে গেছেন, তার সঙ্গে যোগাযোগ ছাড়া অন্য কোনো সাংবাদিক যেন কারখানায় না আসেন। এ অভিযোগের বিষয়ে সোহেল রানার বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
এদিকে কাউ বয় ফুড প্রোডাক্ট লিমিটেড এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালনকারী আরিফুল ইসলাম সোহাগের কাছে শিশু খাদ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদন, ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, পরিবেশগত ছাড়পত্রসহ সংশ্লিষ্ট কাগজপত্র রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বস ভালো বলতে পারবেন। তিনি অফিসে এলে আপনাদের জানানো হবে।’ পরে এ বিষয়ে জানতে তাকে একাধিকবার ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সরেজমিনে ধারণ করা ভিডিওচিত্রে প্রতিষ্ঠানটির নাম-সংবলিত সাইনবোর্ড ও কারখানার প্রবেশপথ দেখা গেছে। ভিডিওতে সাংবাদিকের সঙ্গে আরিফুল ইসলাম সোহাগের কথোপকথনও রয়েছে, যেখানে তিনি সোহেল রানার সঙ্গে যোগাযোগের বিষয়টি উল্লেখ করেন।
প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্সের বিষয়ে আশুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শ্যাম সুন্দর মন্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কাউ বয় লিমিটেড কোম্পানি’ নামে কোনো ট্রেড লাইসেন্স ইউনিয়ন পরিষদ থেকে ইস্যু করা হয়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা সাহাজুর রহমান বলেন, ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স ছাড়া কোনো ফায়ার লাইসেন্সের ছাড়পত্র দেওয়া হয় না।
পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলার সহকারী পরিচালক মো. নাজমুল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সম্ভবত কাউ বয় নামে কোনো পরিবেশগত ছাড়পত্র দেওয়া হয়নি।’
তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যের পাশাপাশি প্রতিষ্ঠানটির মালিকপক্ষের বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে। এ বিষয়ে প্রতিষ্ঠানের মালিকপক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
অভিযোগের বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘এ খবর আমরা পেয়েছি। তদন্ত সাপেক্ষে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয়দের অভিযোগ, শিশু খাদ্য উৎপাদনের মতো সংবেদনশীল খাতে কোনো প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় সরকারি অনুমোদন, খাদ্য নিরাপত্তা, উৎপাদন পরিবেশ এবং শ্রমিকদের বয়সসংক্রান্ত বিষয় যথাযথভাবে যাচাই করা জরুরি। অভিযোগগুলো তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।