
মোঃ নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
গতকাল (৯ আগস্ট ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে নেতিবাচক মন্তব্যের প্রতিউত্তরে নিজের অবস্থান তুলে ধরেছেন বাংলাদেশ ইসলামী জনকল্যাণ ফাউণ্ডেশনের সভাপতি ও সদরপুর উপজেলা মুফতী বোর্ডের সভাপতি মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী।
এর আগে তিনি তাঁর ছোট ছেলে আহমাদ জারীরকে নিয়ে সদরপুরের নাগরিক সমাবেশে অংশগ্রহণ এবং সমাবেশ শেষে বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা মামুনুল হক-এর সঙ্গে ছেলের মুসাফাহা করার একটি স্মরণীয় মুহূর্তের কথা উল্লেখ করে ফেসবুকে একটি পোস্ট দেন।
পোস্টে তিনি লিখেছিলেন—
“ছোট ছেলে বলল, ‘আব্বু, আল্লামা মামুনুল হক সাহেবকে মোবাইলে দেখেছি, আজ বাস্তবে দেখব।’ সকাল থেকেই তার বায়না—আজকের সদরপুরের নাগরিক সমাবেশে যেতে হবে। ছেলের সেই আগ্রহের কারণেই তাকে নিয়ে সমাবেশে অংশগ্রহণ করি। আল্লাহর অশেষ শুকরিয়া, সৌভাগ্যক্রমে ভাষণ শেষে আল্লামা মামুনুল হক সাহেবের সঙ্গে আমার ছোট ছেলে আহমাদ জারীর মুসাফাহা করার সুযোগ পেয়েছে। ছোট্ট জারীরের জন্য এটি নিঃসন্দেহে স্মরণীয় একটি মুহূর্ত। আলহামদুলিল্লাহ।”
এই পোস্টকে কেন্দ্র করে বিভিন্ন মন্তব্যের মধ্যে কিছু নেতিবাচক মন্তব্যের প্রতিউত্তরে পরবর্তীতে মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী তাঁর অবস্থান পরিষ্কার করে আরেকটি স্ট্যাটাস দেন।
তিনি লিখেছেন—
“আমি কোনো দিন কারো পোস্টে বাজে কমেন্ট করি না এবং কারো আঘাতে তাকে আঘাত করে পোস্ট/কমেন্ট করি না। তাই, যারা দুআ করেছেন, তাদের জন্য উত্তম প্রতিদান কামনা করছি। আর যারা নেতিবাচক মন্তব্য করেছেন—তাদের ভার আল্লাহ তায়ালার জিম্মায় ছেড়ে দিচ্ছি।”
স্ট্যাটাসে তিনি কারও নেতিবাচক মন্তব্যের জবাবে পাল্টা আক্রমণ বা কটূক্তির পথ বেছে না নিয়ে বিষয়টি আল্লাহ তায়ালার ওপর ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন। একই সঙ্গে তাঁর জন্য যারা দোয়া ও শুভকামনা জানিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উত্তম প্রতিদানের জন্য দোয়া করেছেন।
মুফতী জাকির হুসাইন ফরিদীর বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মতপার্থক্য কিংবা নেতিবাচক মন্তব্যের ক্ষেত্রেও সংযম, শালীনতা ও ধৈর্য ধারণের একটি বার্তা ফুটে উঠেছে। তাঁর ভাষায়, কারও আঘাতের প্রতিউত্তরে আঘাত না করে বিষয়টি আল্লাহর জিম্মায় ছেড়ে দেওয়াই তাঁর অবস্থান।