
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং ( কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার বুড়িচং পৌরসভার ৪নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে বুড়িচং উপজেলা পর্যায়ে চতুর্থ এবং ভোকেশনালে প্রথম স্থান অর্জন করেছে।
রোববার (১০ আগস্ট) সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এ বছর বুড়িচং উপজেলার ৪১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রকাশিত ফলাফলের ভিত্তিতে এসব প্রতিষ্ঠানের মধ্যে পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয় ভোকেশনালে সেরা ফলাফল অর্জন করে প্রথম স্থান লাভ করে এবং জেনারেলে চতুর্থ স্থান অর্জন করে।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, চলতি বছরের এসএসসি পরীক্ষায়
পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয় থেকে এবার ৯৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১০ টি জিপিএ ৫ সহ ৮১ জন পরীক্ষার্থী উর্ত্তীণ হয়েছে। এর মধ্যে এ পেয়েছে ২৫ জন, এ- পেয়েছে ১২ জন, বি পেয়েছে ২৫ জন এবং সি পেয়েছে ৯ জন। এতে পাসের হার ৮৫.২৬ %।অপরদিকে একই উচ্চ বিদ্যালয় থেকে কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ গ্রহণ করে ৩৯ জন শিক্ষার্থী। পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ২ জন, এ পেয়েছে ৩৫ জন, অকৃতকার্য হয়েছে ২ জন। উর্ত্তীণ হয়েছে ৩৭ জন, পাসের হার শতকরা ৯৫%।
ফলাফল ঘোষণার পর অনানুষ্ঠানিক বৈঠকে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক জনাব আরিফ কাউসার রহমান শাহীন বলেন শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটি ও ছাত্রছাত্রীদের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই সফলতা। তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে আরো বলেন, ‘আমাদের গভীর আস্থা ছিল, এই ছেলেমেয়েরা এসএসসিতে আকাঙ্ক্ষিত ফল অর্জন করতে সক্ষম হবে। সবচেয়ে বড় দিক হলো, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চ্যালেঞ্জ নিতে ভয় পায় না।আমার বিশ্বাস, এদের অভিযাত্রা বহুদূর।’সবার সম্মিলিত প্রচেষ্টায় এই অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।”
প্রতিষ্ঠানের ভালো ফলাফলে সন্তোষ প্রকাশ করে পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সাংবাদিক গিয়াস উদ্দিন বলেন চলতি বছরের এসএসসি পরীক্ষা বিগত সময়ের তুলনায় অবশ্যই কঠিন ও ব্যতিক্রম ছিল। কেবল মেধাবী শিক্ষার্থীরাই এ বছরের এসএসসি পরীক্ষায় ভালো করতে পেরেছে। আমাদের শিক্ষার্থীরা বিগত সাফল্যের ধারায় এ বছরও সন্তোষজনক ফল অর্জন করেছে। তারা সত্যিই মেধাবী ও মনোযোগী।’ভবিষ্যতেও যেন এই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকে, সেই প্রত্যাশা করি।”