
সুব্রত ঘোষ, বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ায় এক চিপস কারখানায় অভিযান চালিয়েছে ভ্রম্যমান আদালত। অভিযান পরিচালনা কালে অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি এবং খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য ‘সাল্টু’ ও শিল্পলবণ ব্যবহারের অভিযোগে কারখানাটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বগুড়া সদর উপজেলার পশ্চিম গোদারপাড়া এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বৃহস্পতিবার দুপুরে এ অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করে।
অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান।
তিনি বলেন, “ভাই-বোন চিপস ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে দেখা যায়, অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি করা হচ্ছে। চিপস তৈরিতে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য সাল্টু বা অ্যামোনিয়াম সালফেট বা ইউরিয়া জাতীয় রাসায়নিক ও শিল্পলবণ ব্যবহার করা হচ্ছিল।”
মোহাম্মদ মেহেদী হাসান বলেন, অনিয়মের বিষয়ে কারখানার মালিক মোছাম্মৎ রুমীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অপরাধ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। এসময় জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।