
মো: সেকেন্দার শেখ, আলফাডাঙ্গা :
মাদক সম্রাট রবি ঘোষ কে ৯ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানার টাকা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড রায় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ফরিদপুরের আলফাডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।
সোমবার ২৮ সেপ্টেম্বর বিকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নওয়াপাড়া এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ৯ পিস ইয়াবাসহ রবীন্দ্রনাথ ঘোষ ওরফে রবি ঘোষ (৭৪) মাদক কারবারি কে আটক করে থানা পুলিশ। রবি ঘোষ নওয়াপাড়া গ্রামের মৃত শ্রী চন্দ্র ঘোষের ছেলে।
আলফাডাঙ্গা থানার ওসি মো. সোহেল সারোয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় রবি ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং সে একাধিকবার মামলায় গ্রেপ্তার হয়েছেন।
মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি বলেন, ‘রবিকে গ্রেপ্তার করলেই মাদক ব্যবসা বন্ধ হবে না। তার মতো আরও অনেকে এ কাজে জড়িত। তাদেরও আইনের আওতায় আনা প্রয়োজন।
তবে ইয়াবা বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন রবি ঘোষ বলেন, ‘আমার কাছে কোনো ইয়াবা ছিল না। আমি এখন ইয়াবা বিক্রি করি না। আমাকে পুলিশ প্রায়ই ধরে নিয়ে যায়। আমি যখন জেলে থাকি, তখন কারা মাদক বিক্রি করে তাদের কেন ধরা হয় না?’
স্থানীয়দের দাবি, শুধু একজনকে গ্রেপ্তার বা সাজা দিলে হবে না, মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনা হলে এলাকায় মাদকের বিস্তার নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।