
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার বুড়িচং পৌরসভার ৪ নং ওয়ার্ডের পূর্ণমতি উওর পূর্বপাড়া কোরিয়ান স্কুল সংলগ্ন সাবেক ভাইস চেয়ারম্যান মৃত ফজলু মিয়ার বাড়ির নিবাসী বাহরাইন প্রবাসী লিটন মিয়ার একমাএ পুত্র বাড়ির উঠানে খেলা করার সময় হঠাৎ গর্তে জমে থাকা পানিতে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৪.৩০ মিনিটে পূর্ণমতি এলাকায় এ ঘটনা ঘটে।মৃত শিশুর নাম হাসান।বয়স ৪ বছর। সে ওই এলাকার রফিক মিয়ার নাতি।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে শিশুটি বাড়ির উঠানে খেলছিল। ৬ মাস আগে বাড়ির কাজের জন্য মাটি কাটার কারণে উঠানে একটি গর্তের সৃষ্টি হয়, যেখানে বৃষ্টির পানি জমে ছিল। খেলতে খেলতে একপর্যায়ে শিশুটি অসাবধানতাবশত ওই গর্তে পড়ে যায়।
পরে পরিবারের লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে উঠানের গর্ত থেকে তাকে উদ্ধার করে দ্রুত বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।