
কেক কাটা, গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত
ক্রাইম রিপোর্টার : রাজিব খাঁন
রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বহুল প্রচারিত দৈনিক রাজশাহীর আলো’র ১৬ বর্ষপূর্তি ও ১৭ বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা, গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সাগরপাড়া এলাকার অনুরাগ কমিউনিটি কনভেনশন হল-এ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এবং বিশিষ্টজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অ্যাফেয়ার্সের ডেপুটি রেজিস্ট্রার মোঃ আবুল কালাম আজাদ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ ওমর ফারুক, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক লায়ন ডা. এস.এম.এ মানান, রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সেলিম রেজা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক রাজশাহীর আলো’র সম্পাদক ও প্রকাশক মোঃ আজিবার রহমান। তাঁর সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে কেক কেটে দৈনিক রাজশাহীর আলো’র ১৬ বছর পূর্তি এবং ১৭ বর্ষে পদার্পণ উদযাপন করা হয়। একই সঙ্গে সাংবাদিকতা, শিক্ষা, চিকিৎসা, সমাজসেবা, ব্যবসা ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সংবাদপত্র শুধু সংবাদ প্রকাশের মাধ্যম নয়; এটি সমাজের নানা অসংগতি, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থানীয় পর্যায়ের সাংবাদিকতা মানুষের কথা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের তথ্য জনগণের সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক প্রসারের কারণে তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে। এ অবস্থায় গুজব ও বিভ্রান্তিকর তথ্যের পরিবর্তে যাচাই-বাছাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন গণমাধ্যমের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। পাঠকের আস্থা ধরে রাখতে সাংবাদিকদের পেশাগত সততা, দায়িত্বশীলতা ও নিরপেক্ষতার ওপর গুরুত্বারোপ করা হয়।
দৈনিক রাজশাহীর আলো’র সম্পাদক ও প্রকাশক মোঃ আজিবার রহমান প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকার পাঠক, সাংবাদিক, সংবাদকর্মী, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দীর্ঘ ১৬ বছরের পথচলায় নানা প্রতিকূলতা অতিক্রম করে পত্রিকাটি পাঠকদের পাশে থাকার চেষ্টা করেছে। আগামী দিনেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে গুরুত্ব দিয়ে পত্রিকার কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও অতিথিরা দৈনিক রাজশাহীর আলো’র উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি রাজশাহী অঞ্চলের সংবাদমাধ্যমে পত্রিকাটির পথচলা আরও শক্তিশালী হবে এবং জনস্বার্থে আরও কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, পেশাজীবী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুরাগ কমিউনিটি কনভেনশন হল, সাগরপাড়া, বোয়ালিয়া, রাজশাহী।