
সদরপুর ফরিদপুর প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের সদরপুর উপজেলার হাট কৃষ্ণপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বর্তমান চেয়ারম্যান আখতারুজ্জামান তিতাস মিয়া। একই সঙ্গে তিনি আসন্ন নির্বাচনে পুনরায় চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও ভোট কামনা করেছেন।
চেয়ারম্যান আখতারুজ্জামান তিতাস মিয়া বলেন, তিনি পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হলে হাট কৃষ্ণপুর ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করবেন। ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নসহ জনসাধারণের বিভিন্ন সমস্যা সমাধানে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, “ইউনিয়নবাসী আমাকে ভোট দিয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করলে মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও কল্যাণে কাজ করতে চাই। হাট কৃষ্ণপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলতে আমার সর্বাত্মক প্রচেষ্টা থাকবে।”
চেয়ারম্যান তিতাস মিয়া আরও বলেন, হাট কৃষ্ণপুর ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তিনি কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করে বলেন, জনগণকে সঙ্গে নিয়ে হাট কৃষ্ণপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও এগিয়ে নিতে চান তিনি।