
ফরিদপুর প্রতিনিধি
স্বামী মারা যাওয়ার পর অভাব-অনটনের সঙ্গে লড়াই করে কোনো রকমে জীবন কাটাচ্ছেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের জুঙ্গুরদী গ্রামের বিধবা রানী বেগম। নানা রোগে আক্রান্ত হয়ে বর্তমানে তিনি কর্মক্ষমতা হারিয়েছেন। প্রয়োজনীয় চিকিৎসার খরচ জোগাড় করতে না পেরে অনেকটা অসহায় অবস্থায় দিন কাটছে তার।
রানী বেগমের স্বামী মৃত কালা মিয়া মাতুব্বর প্রায় চার বছর আগে মারা যান। স্বামীর মৃত্যুর পর এক ছেলে ও এক মেয়েকে নিয়ে শুরু হয় তার কঠিন জীবনসংগ্রাম। অভাবের সংসারে ছেলে বরকতকে বিদেশে পাঠানোর আশায় ধারদেনা করে এবং কিস্তিতে টাকা তুলে দালালের হাতে দেন। কিন্তু বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হয়নি। দালালের খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে বর্তমানে ছেলে ঢাকায় অবস্থান করছেন।
সংসারের অভাব মেটাতে রানী বেগম স্থানীয়ভাবে মুফতি আব্দুল গাফফার সাহেব হুজুরের বাসায় কাজ করতেন। সেই সামান্য আয়ে কোনো রকমে চলছিল তার সংসার। কিন্তু নানা রোগে আক্রান্ত হওয়ায় এখন আর কাজ করার মতো শারীরিক সক্ষমতা নেই। ফলে সংসার চালানো ও চিকিৎসার ব্যয় মেটানো তার জন্য কঠিন হয়ে পড়েছে।
রানী বেগম জানান, সরকারি একটা ছোট ঘরে বসবাস করছি।
স্বামী মারা যাওয়ার পর দুই বছর আগে আমি বিধবা ভাতার জন্য আবেদন করছি। কিন্তু এখনো আমার নাম বিধবা ভাতার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। বর্তমানে চিকিৎসার জন্য আমার অনেক টাকার প্রয়োজন হলেও সেই অর্থ জোগাড় করার কোনো সামর্থ্য আমার নেই।
তিনি বলেন, “স্বামী মারা যাওয়ার পর অনেক কষ্ট করে সংসার চালিয়েছি। ছেলেকে বিদেশ পাঠাতে গিয়ে দালালের খপ্পরে পড়ে সব হারিয়েছি। এখন নিজেই অসুস্থ। কাজ করতে পারি না। চিকিৎসা করানোর মতো টাকাও নেই। আমি বাঁচতে চাই, মানুষের সহযোগিতা চাই।”
এ বিষয়ে লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল বলেন, “বিধবা ভাতার জন্য বরাদ্দ আগে আসুক, তারপর তাকে ভাতার ব্যবস্থা করে দেওয়া হবে।”
অসহায় রানী বেগম এখন সমাজের বিত্তবান, জনপ্রতিনিধি, প্রশাসন ও হৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করছেন। তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পেলে তিনি নতুন করে বাঁচার সুযোগ পাবেন বলে আশা করছেন।
রানী বেগমের সঙ্গে যোগাযোগ: ০১৮৬৮৪৯৭১৫৩৫