
নিজস্ব প্রতিবেদক, সদরপুর (ফরিদপুর):
ফরিদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শহিদুল ইসলাম বাবুলের দিকনির্দেশনায় এবং সদরপুর উপজেলা ছাত্রদলের নেতৃত্বে ডেঙ্গু ও মাদকের ভয়াবহতা সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করার লক্ষ্যে দিনব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
আজ সদরপুর উপজেলা ছাত্রদলের তুষার মাহমুদের নেতৃত্বে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সদরপুর সরকারি কলেজ, সদরপুর প্রাইমারি স্কুল, বিশ্বজাকের মঞ্জিল স্কুল প্রাঙ্গণ এবং উপজেলার প্রতিটি মোড়ে সাধারণ পথচারী ও শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে সাধারণ জনগণকে সতর্ক করে তুষার মাহমুদ বলেন, “মাদক আজ সমাজে ভয়াবহ আকার ধারণ করেছে। মাদকের ভয়াল গ্রাসে আমাদের যুব সমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছে। এখনই এই ভয়াল গ্রাসকে সম্মিলিতভাবে রুখতে না পারলে ভবিষ্যৎ প্রজন্মকে অপূরণীয় ক্ষতির হাত থেকে রক্ষা করা সম্ভব হবে না।” পাশাপাশি ডেঙ্গু সংক্রমণ রোধে চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।
উক্ত সচেতনতামূলক কার্যক্রমে সদরপুর উপজেলা ছাত্রদলের রাজীব মোল্লা, সোহাগ মোল্লা, সোহান বয়াতি, তরিকুল ইসলাম ও আহসান হাবিবসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাহিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক হামিম সিয়াম, সেজান, আহাদ এবং সদরপুর সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।