
আলফাডাঙ্গা প্রতিনিধি :
ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীর তীব্র ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন নদীপাড়ের এলাকার মানুষ। ভাঙনকবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব। এ সময় পরিদর্শন কালে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি।
গত বুধবার ৭ অক্টোবর সকালে উপজেলার চরখোলাবাড়িয়া ও দিগনগর এলাকার ভাঙনকবলিত স্থানগুলো পরিদর্শন করেন ইউএনও। পরিদর্শন শেষে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে মতবিনিময় করেন এবং তাৎক্ষণিকভাবে জরুরি ত্রাণসহায়তা দেন।
জানা যায় , গত কয়েক দিন ধরে মধুমতি নদীর পানি বৃদ্ধি ও তীব্র স্রোতে চরখোলাবাড়িয়া ও দিগনগরসহ কয়েকটি গ্রামে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। গত এক মাসে কয়েকটি গ্রামের শত শত বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, শতশত একর ফসলি জমি নদীর গর্ভে বিলিন হয়ে গেছে । গৃহহারা পরিবারগুলো খোলা আকাশের নিচে জীবন জাপন করছে এবং অনেকে স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
পরিদর্শনকালে ইউএনও মো. জোবায়ের হাবিব বলেন, ‘ভাঙনের তীব্রতা দেখে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। ভাঙন ঠেকাতে ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। জরুরি ভিত্তিতে আপদকালীন ব্যবস্থা হিসেবে জিওব্যাগ ডাম্পিংয়ের চেষ্টা চলছে। এছাড়া নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।’
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিক খাদ্য ও ত্রাণসহায়তা দেওয়া হয়েছে। পরবর্তীতে সরকারিভাবে তাদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।