
মোঃ রাশিদুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের উত্তর পাকডাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নাহিদ মৃধা (৭)-এর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। রবিবার (১৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বিদ্যালয় সংলগ্ন দক্ষিণ পাশের একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত নাহিদ মৃধা উত্তর পাকডাল এলাকার নিজাম মৃধার ছোট ছেলে। তার মায়ের নাম সালমা বেগম।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (১৮ অক্টোবর) সকাল থেকেই নাহিদ নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। রবিবার দুপুরে স্থানীয় কয়েকজন ব্যক্তি বিদ্যালয়ের পাশে ডোবায় ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পান। পরে তারা লাশটি উদ্ধার করে পরিচয় নিশ্চিত করেন।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নাহিদের মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের মাতম।