
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা বিএনপি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কলীগঞ্জ ইউনিয়নের একটি ঘটনাকে কেন্দ্র করে গত ২৭ জুলাই নাগেশ্বরী থানায় আয়োজিত মানববন্ধনে নিজেকে কলীগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক পরিচয়দানকারী শাহিনুর রহমান স্বপন নামে এক ব্যক্তির আচরণের সঙ্গে দলের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।
সোমবার (২৮ জুলাই) উপজেলা বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য মো. মাহফুজুর রহমান সিদ্দিকী আঙ্গেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মানববন্ধন শেষে থানার অফিসার ইনচার্জ (ওসি) ও অন্যান্য কর্মকর্তাদের সামনে শাহিনুর রহমান স্বপন নিজেকে কলীগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক পরিচয় দিয়ে অসৌজন্যমূলক ও উচ্ছৃঙ্খল আচরণ করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর উপজেলা বিএনপি অভ্যন্তরীণভাবে অনুসন্ধান চালিয়ে নিশ্চিত হয় যে, ওই ঘটনার সঙ্গে উপজেলা বিএনপি কিংবা সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপির কোনো নেতা বা কর্মী জড়িত ছিলেন না।
উপজেলা বিএনপি আরও দাবি করেছে, শাহিনুর রহমান স্বপন নিজেকে কলীগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও বর্তমানে দলের কোনো সাংগঠনিক পদে তার সম্পৃক্ততা নেই।
প্রেস বিজ্ঞপ্তিতে সাধারণ জনগণ, দলীয় নেতাকর্মী এবং স্থানীয় প্রশাসনের প্রতি ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দলটির ভাবমূর্তি ক্ষুণ্নকারী এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।